চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় ঐক্যজোটের সমবেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শনিবার বিকালে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গণমিছিলটি নগরীতে ব্যাপক জনসমাগমের সৃষ্টি করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। জুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি চলবে না”।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১১ দলীয় চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদুওয়ানুল ওয়াহেদ।
একই দিন গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কর্ণফুলীর কলেজ বাজার ঈদগাহ ময়দানে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে। গণভোটের রায়কে তারা আমলে নিচ্ছে না। আওয়ামী ফ্যাসিবাদ পতন হলেও বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ দেশ গঠন সম্ভব হয়নি। জনগণ আজ বা কাল হোক, জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে”।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক, খেলাফত মজলিসের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হুমায়ুন আজাদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।