নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
নড়াইলে টিকটকে কমেন্ট করা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা মধ্য পাড়ায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, টিকটকে একটি কমেন্টকে কেন্দ্র করে রতডাঙ্গা মল্লিক পাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে বিষয়টি বাকবিতণ্ডায় গড়ালেও এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এর জেরে মল্লিক পাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে শুক্রবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি অজয় কুমার কুন্ডু বলেন, “ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।