নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ৩৪ মিনিট আগে
নিহত বৃদ্ধকে দেখতে হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৭৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সদর উপজেলার ভদ্রবিলায় শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, চারদিন আগে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকালে দুইদল গ্রামবাসীর আলোচনায় বসার কথা ছিল। সেই লক্ষ্যে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে পলইডাঙ্গা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে মহারাগ এলাকায় রাস্তার পাশে কলাগাছের ঝোপের মধ্যে ওতপেতে থাকা ভদ্রবিলা গ্রামের কয়েকজন মোস্তফা কাজীকে পায়ে ও মাথায় কুপিয়ে এবং হাতুড়িপেটা করে হত্যা করে।
এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।
নিহতের স্বজন মনুসুর আলী বলেন, “শুক্রবার বিকেলে ফুটবল খেলার বিরোধ মীমাংসা করতে এসে খুন হলেন মোস্তফা কাজী। তাকে একা পেয়ে হত্যা করল ভদ্রবিলা গ্রামের লোকজন। আমরা এ ঘটনার নিন্দা জানাই। দোষীদের বিচার দাবি করছি”।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, “হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজী নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোপসহ আঘাতের চিহৃ রয়েছে”।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে”।