জকিগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামে একজন নিহত হয়েছেন।
উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
আলম আহমদ লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে পারভেজ আহমদ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে”।