নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে অজ্ঞাত স্থানে লেপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডে
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এমপি গলিসংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ
উদ্ধার করা হয়।
নিহত মো. মোতালেব হোসেন (৬১), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ
উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার
ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি
ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন।
পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে
স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের
জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম
জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন
স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত
পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর আলম জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।