শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
বগুড়ার শেরপুরের ধুনট আঞ্চলিক সড়কে পিকআপের ধাক্কায় আবু সুফিয়ান নামে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। প্রবা ফটো
বগুড়ার শেরপুরের ধুনট আঞ্চলিক সড়কে পিকআপের ধাক্কায় আবু সুফিয়ান (১৭) নামে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
উপজেলার রণবীর বালা এলাকার বশির পাগলা
মাজারের সামনে বুধবার (১ জুলাই) রাত্রি সাড়ে ৮টায় শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক
সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে
থাকা অপর যুবক। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত যুবকের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।
নিহত মোটরসাইকেল চালক আবু সুফিয়ান
উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ইতালি প্রবাসী শাহিন রানার ছেলে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দুই
যুবক মোটরসাইকেলে করে দ্রুত গতিতে ধনুটের দিক থেকে শেরপুরের দিকে আসছিলেন। এ সময় দুর্ঘটনাকবলিত
স্থানে একটি পিকআপ গাড়ি হঠাৎ করে ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ
হারিয়ে পিকআপের সঙ্গে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলটির চালকসহ দুজনেই রাস্তার
মধ্যে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেলে
থাকা অপর যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
শরীফ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান,
পিকআপটি ইন্ডিকেটর দিয়েই ইউটার্ন নিচ্ছিল। কিন্তু মোটরসাইকেলটির গতি বেপরোয়া
থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় এবং মোটরসাইকেল
চালকের মাথা থেঁতলে যায়। ঘটনার পর পরই পিকআপটি পালিয়ে গেছে।
বিষয়টি নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের
মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের
নিকট হস্তান্তর করা হবে। তবে এখনো পর্যন্ত আহত যুবকের নাম ঠিকানা জানা যায়নি। ঘাতক
পিকআপটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।