বগুড়া অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
বগুড়া মহানগরে যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। প্রবা ফটো
বগুড়া মহানগরে যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করেছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন। বুধবার (১ জুলাই) দুপুরে শহরের সাতমাথা ও জিলা স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকান এবং ভ্যান উচ্ছেদসহ কিছু সামগ্রী জব্দ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর প্রশাসক এমআর ইসলাম যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ঘোষণার অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করার এ অভিযান শুরু হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। জিলা স্কুল ও সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের ফুটপাতও দখল থাকায় পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তিনি বলেন, সিটি করপোরেশনের কাছে তথ্য রয়েছে, ফুটপাত দখলের পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। অনেক ব্যবসায়ীর মার্কেটে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও বেশি লাভের আশায় তারা ফুটপাতে লোক বসিয়ে বা ভ্যানে অস্থায়ী দোকান পরিচালনা করছেন।
পপি খাতুন বলেন, প্রথম দিন হওয়ায় আমরা মূলত সতর্ক করেছি। তবে পরবর্তী সময়ে আরও কঠোরভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে এ অভিযান চলবে।
ফুটপাত পুনর্দখল ঠেকাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে উদ্যোগ বিষয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে শিগগিরই ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। তারা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ফুটপাত যাতে আবার দখল না হয়, সে বিষয়েও নিয়মিত নজরদারি করবেন।