লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের ঘটনার প্রতিবাদে সাবেক যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চাঁদা দাবি করা সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা।
উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে বুধবার (১ জুলাই) দুপুরে এ আয়োজন করেন। এ সময় শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ক্রয় করা ৫৮ শতাংশ জমি পরবর্তী সময়ে বিক্রি করেছেন। এখন জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে তারা মালিকদের জমি দখলে নিতে দেয় না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয়।
অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তাদের মধ্যে জমি সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাব? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ওসি মমিনুল হক বলেন, জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমি সংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেয়নি।