সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি
বগুড়া সারিয়াকান্দিতে পুকুরে ডুবে তুষার মিয়া নামে ৯ বছের বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে বুধবার সকালে এঘটনা ঘটে।
তুষার একই গ্রামের রিপন মিয়ার ছেলে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কথা হয় স্থানীয় কয়েকজনের জানান, সকালে তুষারের বাড়ির লোকজন কাজের জন্য বাড়ির পাশে গিয়েছিল। সে বাড়ির পাশের একটি পুকুরের ধারে ফুটবল খেলছিল।
তাদের ধারণা, খেলার একপরর্যায়ে ফুটবলটি পুকুরে পড়ে গেলে তা ওঠানোর জন্য পুকুরের পানিতে নামে তুষার। এ সময় অসাবধানতাবসত পানিতে পরে গিয়ে ডুবে যায় এবং কিছুক্ষণ পরে পানিতে ভেসে ওঠে।
এরপর বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে পুকুর থেকে তাকে তুলে নিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করে। পরে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান তারা।
তুষারের মা দিপালি বেগম বলেন, “আমার ছেলেকে বাড়িতে রেখে আমি আমাদের মাঠের জমিতে কাজ করতে গিয়েছিলাম। লোকজনের চিৎকার শুনে বাড়িতে এসে দেখি আমার ছেলে পানিতে পরেছে।”
“হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আমার ছেলে আমাকে ছেড়ে পরপারে চলে গেছে”, কান্নাজড়িত কন্ঠে বলেন তিনি।
ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে, বলেন তিনি।