× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন শুরু ৩ জুলাই

রাজশাহী অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন শুরু ৩ জুলাই

ঐতিহাসিক পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট নিরসন, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা—গঙ্গা বাঁচান’ শীর্ষক সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন। 

শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে এ ম্যারাথনের শুরু হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় রাজশাহীর পদ্মা গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিনি ম্যারাথনটি রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা অংশ নেবেন।

লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশগত বিষয় নয়; এটি দেশের অস্তিত্ব, জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি জড়িত। নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর আয়োজন নয়; এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উজানে একতরফা পানি প্রত্যাহার, নদী দখল, দূষণ এবং নিয়মিত খননের অভাবে দেশের নদীগুলো সংকটের মুখে পড়েছে। বিশেষ করে পদ্মা নদী বছরের দীর্ঘ সময় পানিশূন্য হয়ে পড়ায় নাব্যতা কমছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় দেশের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নদী রক্ষা এখন টেকসই উন্নয়ন, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার প্রশ্ন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে পদ্মাসহ দেশের সব নদীকে দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জোরালো করা, বরেন্দ্র অঞ্চলের পানিসংকট ও মরুকরণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক জনমত গড়ে তোলাই মূল লক্ষ্য। পাশাপাশি তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মিনি ম্যারাথনের সার্বিক প্রস্তুতির বিষয়ে গোলাম মোস্তফা মামুন জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সার্জন কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, চিকিৎসাসেবা, রুট ব্যবস্থাপনা ও পানি সরবরাহসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকল, উপদেষ্টা রিক্তা পারভিন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক সামিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহসিন শেখ, কোষাধ্যক্ষ মুজাহিদুর রহমান ফাইন, শামসুর রহমান সানি প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা