গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবাগ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্তত ২৫যাত্রী আহত হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় মানুষের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস, আই নৃপেন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।