খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ৫০ মিনিট আগে
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সোমবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। প্রবা ফটো
‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সোমবার (২৯ জুন) সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, শ্রম আইন বাস্তবায়ন ও কর্মপরিবেশ তদারকিতে সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত কাজ করছে। খাগড়াছড়িতে শ্রম পরিদর্শনের কার্যক্রম আরও জোরদার করতে স্থায়ীভাবে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করা গেলে অভিভাবকেরা শিশুদের কাজে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাতে আরও উৎসাহিত হবেন বলে তিনি উল্লেখ করেন।
বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও মানসিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ, নিয়োগকর্তা এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শোভন কর্মপরিবেশ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।