মনপুরা (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কলাতলী আবাসন সংলগ্ন মেঘনা নদীতে ইসমাইল মাঝির নৌকায় সোমবার বিকালে মাছটি ধরা পরে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার মনপুরার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের এক ইলিশ। স্থানীয় মৎস্যঘাটে নিলামে সেটি ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মমিন তালুকদার মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়।
আড়তের ম্যানেজার হান্নান মাসুদ জানান, সোমবার বিকালে কলাতলী আবাসন সংলগ্ন মেঘনা নদীতে ইসমাইল মাঝি ও তার সঙ্গীয় জেলেরা মাছ শিকার করছিলেন। একপর্যায়ে তাদের জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। উপকূলীয় অঞ্চলের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছে এ ধরনের বড় আকারের ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
রামনেওয়াজ মৎস্যঘাটের ব্যবসায়ী আইয়ুব পাটোয়ারী ও নাহিদ জানান, স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ ৯ হাজার ৩০০ টাকা দর দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার।
মমিন তালুকদার বলেন, “ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের চাহিদা সবসময়ই বেশি। আশা করছি, মাছটি সেখানে আরও ভালো দামে বিক্রি করতে পারবো”।
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম সফল হওয়ায় বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বর্ষায় বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে”।
স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতেই এমন বড় আকারের ইলিশ ধরা পড়ায় তারা আশাবাদী। এতে চলতি মৌসুমে ইলিশের উৎপাদন ও বাজারজাতকরণ আরও বৃদ্ধি পাবে বলে তাদের প্রত্যাশা।