মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র তীর্থ বিশ্বাস নিহতের ঘটনা হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
উপজেলার ভাটই বাজার এলাকায় সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলছাত্র তীর্থ বিশ্বাস গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহানুর আলী বলেন, “এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে”।