দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের সামনে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় স্বর্ণা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির নানি সাজেদা খাতুন।
উপজেলার চিৎলা দেশ ইটভাটার সামনে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে শিশু স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানী। পরে ভ্যানযোগে ফেরার পথে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে শিশু স্বর্ণা মায়ের কোল থেকে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার নানী সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেন, “সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।