রংপুরে শিক্ষার্থী নুজশাত জাহান আত্মহত্যা প্ররোচনার আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রবা ফটো
রংপুরে শিক্ষার্থী নুজশাত জাহান আত্মহত্যা প্ররোচনার আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কারাগার থেকে সাকিনকে রবিবার (২৮ জুন) সকালে আদালতে নেওয়া হয়। রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইনের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে সাকিনের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এ সময় আদালতের কাছে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উপস্থাপন করলে বিচারক আগামী ৩ দিনের যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকোচ করেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, গত তিন মাসে ১১৮ বার তাদের মোবাইল ফোনে কথা হয় এবং মেসেজ আদান-প্রদান করা হয়। গত ১৬ জুনও সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতকে মোবাইলে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।
বিবাদীর আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, আদালত যেহেতু একদিনের রিমান্ড মঞ্জুর করেছে, তাই আমাদের জামিন আবেদন নাকোচ করেছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ২২ জুন বিকালে নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। এ ঘটনায় পরের দিন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম। ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নুজশাতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ।