গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক উদ্ধার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক উদ্ধার অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার দুপুর ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। ফয়সাল শেখকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের অপু শেখের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দের পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ আরও ১০-১২ জন সরকারি কর্মকর্তা উপস্থিতি ছিলেন। তাদের সামনে ফয়সাল শেখের দেহ তল্লাশি করলে হেরোইন পাওয়া যায়। পরে তাকে দণ্ড দেওয়ার সময় তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ফয়সালকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক রাসেল আলী গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হয়। এর ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাটের ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করে। র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, গ্রেপ্তার ফয়সাল শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকায়।
তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।