বগুড়া মহানগরের ইয়াকুবিয়া মোড়ে কাচ্চি ডাইন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো
বগুড়া শহরের কাচ্চি ডাইন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বগুড়া মহানগরের ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্তোরাঁয় রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ ও সরঞ্জাম সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই ও বিভিন্ন মসলাজাতীয় খাদ্য একই ফ্রিজে রাখা হয়েছিল। এ ছাড়া নষ্ট ও ছত্রাকযুক্ত (ফাঙ্গাস) বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুতের অভিযোগও পাওয়া যায়।
অভিযানকালে রেস্তোরাঁর রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর ও টিকটিকির বিচরণ দেখা যায়। বিভিন্ন খাদ্য পরিবেশন ও সংরক্ষণে ব্যবহৃত সরঞ্জামেও ইঁদুরের মলমূত্র পাওয়া যায় বলে জানিয়েছে অধিদপ্তর।
এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।