বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
বাছির কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, সরকার পতনের পর বাছির উদ্দিন আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে”।