× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি বাচ্চুর ঐচ্ছিক তহবিলের তালিকায় মেয়ের নাম থাকার অভিযোগ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান (বাচ্চু)।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান (বাচ্চু)।

নড়াইল-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার এক মেয়ের নাম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। 

সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে ১৮ জুন ২০২৬ তারিখে ইস্যুকৃত একটি পত্রে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে।

তালিকায় প্রথম ক্রমিকে হবোখালী গ্রামের ফাইজা, পিতা মো. বাচ্চুর নামে ১০ হাজার টাকা এবং অষ্টম ক্রমিকে ফাইজা, পিতা মো. আতাউরের নামে আরও ১০ হাজার টাকা অনুদানের উল্লেখ রয়েছে। এ দুই নামের মধ্যে একটি সংসদ সদস্যের মেয়ের বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

এ বিষয় নিয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “একজন সংসদ সদস্য হিসেবে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য তিনি বছরে একটি ঐচ্ছিক তহবিল পান। শপথ গ্রহণের পর চলতি অর্থবছরে তার আসনের জন্য মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে”।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সচিবালয়ে তালিকা জমা দেওয়ার তাগিদ থাকায় তিনি তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) বিভিন্ন ইউনিয়ন থেকে নাম সংগ্রহ করে জমা দিতে বলেন। কিন্তু তার ব্যক্তিগত সহকারী পরিচিত কয়েকজনের নাম দিয়ে তালিকা পাঠিয়ে দেন। নিজে তালিকাটি দেখার সুযোগ পাননি বলেও দাবি করেন তিনি।

সংসদ সদস্য আরও জানান, এখনো ওই অর্থ তার হাতে আসেনি। প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করা হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন তালিকা পাঠানো হবে।

সমালোচনার বিষয়ে আতাউর রহমান বাচ্চু বলেন, “জনগণের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী পাঁচ বছরে স্পর্শ করবে না। যারা আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, তাদের জন্যও আমার অফুরন্ত দোয়া রইল”।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির বলেন, “সংসদ সদস্য (এমপি) মহোদয় যাদের নামে ডিও (ডেমি-অফিশিয়াল) লেটার দেন, তারাই ঐচ্ছিক তহবিলের অনুদান পান। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোনো ভূমিকা বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা