কুমিল্লা অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
নিহত বাহার। প্রবা ফটো
কুমিল্লার লালমাই উপজেলায় ফোন করে ডেকে নেওয়ার পর বাহার (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর
পূর্বপাড়া এলাকায় শনিবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত বাহার ওই এলাকার রশিদ মিয়ার
ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে প্রতিবেশী
রাসেলের স্ত্রী ঝুমু মোবাইল ফোনে বাহারকে ডেকে নেন। পরে তিনি নির্ধারিত স্থানে গেলে
ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ পর ঘটনাটি
জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাহারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন
এবং পুলিশকে খবর দেন।
ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে
পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের
জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটির প্রকৃত কারণ
উদ্ঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন
এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। ঘটনায় জড়িত কাউকে
ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।