লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের আবু হেনা রুবেল (৩৫) বাবাকে হারানোর শোক তখনও কাটেনি।
মাত্র ৫১ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার
সঙ্গে তোলা শেষ ছবিটি প্রকাশ করে লিখেছিলেন, ‘আমার কাছের মানুষ হারিয়ে যাওয়ার
লিস্ট দিন দিন বাড়তেছে।’ সেই শোকের রেশ কাটার আগেই এবার নিজেই চলে গেলেন না ফেরার
দেশে ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার
আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শুক্রবার (২৬
জুন) রাত ৮টার দিকে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত রুবেল উপজেলার কলাউজান ইউনিয়নের সামমহাজন বাড়ির
মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে পদুয়া স্টেশন এলাকার একটি
কমিউনিটি সেন্টারে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে
গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার
অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল।তার মৃত্যুতে পরিবার, স্বজন ও
এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত
করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।