সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের গোয়াইনঘাটে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হবে”।
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে শুক্রবার এ সব কথা বলেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, “সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষায় সরকার নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে”।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি চালু করেছে, যা সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে”।
সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান বক্স, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি ইসিজি মেশিন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্থ ও হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, “একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়। সরকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং মানবিক সহায়তার এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে”।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।