কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
তিনি বলেন, “সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন”।
সম্প্রতি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক মুজিব আলী হত্যার প্রতিবাদে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে এনসিপি আয়োজিত একসভায় শুক্রবার এ সব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী”। সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহবান জানান তিনি।
এসসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, “সীমান্তে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কোন প্রতিবাদ করা হচ্ছে না”।
এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সীমান্তে নিহত মুজিবের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সাথে কথা বলেন তারা।
এ সভায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।