দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নে দেওয়ানগঞ্জে উপজেলাবাসীর মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলাবাসী।
উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী শুক্রবার বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় তারা সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে”।
বক্তারা দ্বিতীয় যমুনা সেতু এ রুটে নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ও বিমান প্রতিমন্ত্রীর প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, চুকাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস ছালাম খোকা, সাংবাদিক খাদেমুল ইসলাম, চুকাইবাড়ী ইউনিয়ন যুবদল নেতা আবু হানিফ, আইনজীবী রোকনুজ্জামান প্রমূখ।