বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী আটক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় পাচারকারীকে আটক করেছে বিজিবি।
যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
আটক সাহাব উদ্দিন সরদার (৪৪) যশোরের শার্শা উপজেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।