বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
দৈনিক যশোর বার্তার সাংবাদিক আতিকুজ্জামান রিমু। ছবি: সংগৃহীত
যশোরের শার্শায় দৈনিক যশোর বার্তার সাংবাদিক আতিকুজ্জামান রিমু হামলার শিকার হয়েছেন।
অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকালে সংবাদ সংগ্রহে গেলে আরিকুল ইসলাম নামে এক মাদক কারবারি ওই সাংবাদিকের ওপর হামলা চালায়।
এ ঘটনায় আতিকুজ্জামান রিমু শার্শা থানায় শুক্রবার সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
আতিকুজ্জামান রিমু দৈনিকটিকে শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ বিষয়ে আতিকুজ্জামান রিমু জানান, বৃহস্পতিবার বিকালে শার্শায় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় শার্শা সাব রেজিস্ট্রি অফিসের সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা আরিকুল ইসলাম তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারতে থাকে।
এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলেও জানান তিনি।
এ ঘটনায় আরিফুল ইসলামের নামে শার্শা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন আতিকুজ্জামান রিমু।
জানা যায়, আরিফুল শার্শার উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। এবং তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন।
শার্শা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এ ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলাই নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপর একটি সুপরিকল্পিত আঘাত।
তিনি এ ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন আরিকুল ইসলাম।
এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় স্থানীয় সংবাদ কর্মীদের ওপর ক্ষিপ্ত ছিলেন আরিফুল।