বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। প্রবা ফটো
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বরিশাল শিল্পকলা একাডেমিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।’
পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষাসংক্রান্ত আইন আরও যুগোপযোগী করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বণ্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। পাশাপাশি দুই বছরের কোর্স দুই বছরের মধ্যেই সম্পন্ন করতে হবে।’
জমি না পেলে ববিতে হবে ক্যাম্পাস-২:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসকে ৫০ থেকে ১০০ একরে উন্নীত করতে বর্তমান ক্যাম্পাসের পাশে পর্যাপ্ত জমি পাওয়া না গেলে ‘ক্যাম্পাস-২’ করার বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার ববি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে শিক্ষার্থীদের তিনি এ আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের নানা একাডেমিক ও অবকাঠামোগত সংকটের চিত্র তুলে ধরেন। এসব সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বলেন, তোমাদের দাবি ক্যাম্পাসকে ৫০ একর থেকে ১০০ একরে উন্নীত করা। এখানে যদি পর্যাপ্ত জমি পাওয়া না যায়, তবে আমরা ‘ক্যাম্পাস-২’ করার বিষয়টি বিবেচনা করতে পারি। তোমাদের সংকট সমাধানে সবকিছুই করা হবে।