ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও সার বিতরণ করেন। প্রবা ফটো
ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও সার বিতরণ শুরু করেছে প্রশাসন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসা.
শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত বৃহস্পতিবার অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন রাজাপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি
আব্দুল হক নান্টু এবং রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল
ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি)
মো. শামীম রেজা সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, উপজেলা নির্বাচন
কর্মকর্তা মো. নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ প্রমুখ।
এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে এক হাজার ৩৮৫ জন কৃষক ও প্রতিষ্ঠানের
মাঝে জনপ্রতি পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া এক হাজার
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন পাঁচ কেজি করে উফশী আমন ধানের বীজ ও প্রয়োজনীয় সার।
একই সঙ্গে ৬৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের শাকসবজির বীজ ও সার এবং লেবুর উৎপাদন বৃদ্ধির
লক্ষ্যে ৮০ জন কৃষকের মাঝে পাঁচটি করে লেবুর চারা ও সার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয়
কমবে, ফসলের উৎপাদন বাড়বে এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা
রাখবে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।
উপকারভোগী কৃষকরা বলছেন, সময়োপযোগী এই সহায়তা তাদের কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।