চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
দামুড়হুদায় ‘রায়সা বিল’ নামের একটি জলাশয়ের কাছ থেকে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘রায়সা বিল’ নামের একটি জলাশয়ের কাছ থেকে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
দামুড়হুদা উপজেলার কুড়লগাছি এলাকার ওই বিলের মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে বুধবার সকাল ১০টার দিকে এটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, হঠাৎ করে জনবহুল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথে এ ধরনের বস্তু পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
এ ঘটনায় কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেটির গায়ে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল।
তিনি আরও বলেন, “সেটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে”।