নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার বিকালে কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আগামী ছয় মাসের মধ্যেই কাচঁপুর বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করব এবং নাগরিক সুবিধা দিতে পারব বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজট মুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী।
সড়ক প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজট মুক্ত করতেই যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাচঁপুরে স্থানান্তর করার কাজ চলমান রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার বিকালে কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত আওয়ামী সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করে আসছিল। এ কারণে সাধারণ মানুষ যানজটে ভোগান্তির শিকার হয়েছিল।
বর্তমান সরকার সাধারণ মানুষকে যানযট মুক্ত করার লক্ষ্যে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা বাস টার্মিনাল গুলো পরিদর্শন করছি, বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ঢাকা সিলেট হাইওয়ের উন্নয়ন কাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সকল সড়ক মহাসড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।
ঢাকার সব সিগনাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।