ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবি ও মাদকের বিস্তার রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামের এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার বিচার দাবি ও মাদকের বিস্তার রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে বুধবার দুপুরে এই বিক্ষোভ করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নাসিরের স্বজন ও ফতুল্লার চানমারী এলাকার বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নাসির হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “নাসির হত্যা মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে”।
গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল ডিশ লাইন অফিসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাসিরকে হত্যা করে। তিনি ওই এলাকার মৃত সাউজুদ্দিনের ছেলে।ঘটনার পর এলাকাবাসী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।