রামু (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের একটি গহিন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং ২৮০ নম্বর মৌজার একটি গহিন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতনের একাশি বাগানসংলগ্ন জঙ্গল এলাকায় মঙ্গলবার (২৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে স্থানীয়রা কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তির মৃত্যু প্রায় ছয় মাস আগে হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের অংশ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি দাঁত ব্রাশ পাওয়া গেছে। তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছি। কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।