শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাজার মসজিদ কমিটির নেতারা ও উন্নয়নকামী সাধারণ মানুষ।
শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান’ শীর্ষক ব্যানার নিয়ে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক এবং মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক।