রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রবা ফটো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি কন্টিনজেন্ট রাজবাড়ীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল, মশারি জাল ব্যবহার, জাটকা আহরণ এবং অবৈধ ড্রেজার উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৫ হাজার মিটার অবৈধ মশারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া ৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ২৫ হাজার টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।