বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
বোয়ালমারীতে মাদক সরবরাহের সন্দেহে গণপিটুনি দিয়ে প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রবা ফটো
ফরিদপুরের বোয়ালমারীতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদক সরবরাহের সন্দেহে গণপিটুনি দিয়ে তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার
এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধুলজোড়া মালিখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারি
মানিক মোল্যার ছেলে মামুন মোল্যা একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় এলে মাদক সরবরাহ করছে
এমনই সন্দেহে তাকে ঘিরে ধরে কিছু লোক।
একপর্যায়ে উত্তেজিত জনতা এই মাদক কারবারিকে মারধর করে এবং গাড়িটি
ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে এবং আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামুনের বাবা মানিক মোল্যা বলেন, তার ছেলে ফরিদপুর আদালতে একটি মাদক
মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু পথে তাকে
স্থানীয় জনতা আটক করে মারধর করে এবং তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দেন।
তিনি আরও দাবি করেন, তার ছেলের কাছে কোনো মাদক ছিল না এবং ঘটনাস্থল
থেকে কোনো মাদকও উদ্ধার হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন,
মামুনের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর
করেছে। তবে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।