পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ সোমবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে”।
পুলিশ জানায়, অভিযানে সদর থানা থেকে ৮ জন, বাসন থানা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা থেকে ২ জন, কাশিমপুর থানা থেকে ৩ জন, গাছা থানা থেকে ৫ জন, পূবাইল থানা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জিএমপি জানিয়েছে, বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গামেন্টেসের সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী পাঁকা রাস্তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং সরকারী কাজে বাঁধাদান ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। ২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।