চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এনসিটি টার্মিনালের ৪র্থ বার্থে থাকা একটি রাবার টায়ার গ্যান্টি (আরটিজি) ক্রেনে সোমবার দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এ সম্পর্কে জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এনসিটিতে থাকা একটি রাবার টায়ার গ্যান্টি ক্রেনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই বন্দরের নিজস্ব ফায়ার ফাইটাররা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি”।
তিনি বলেন, “কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে সেটি এখনও জানা যায়নি। বিস্তারিত জেনে এ বিষয়ে পরবর্তীতে জানাতে পারব”।