চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২০:৪৬ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ছয়জন দালালকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
আসামিরা হলেন নূর হোসেন, ইরফানুল আলম, জয় ধর, ইমন সরকার, মহসিন সরকার ও শফিউল বশর।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুর উল্লাহ আশেক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা হাসপাতালে অভিযান পরিচালনা করি। অভিযানে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ছয়জন দালালকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।