চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
রেলওয়ে পাবলিক হাই স্কুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে চুরির অভিযোগে পিটিয়ে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. আজাদ ও সমীর দাশ নামের দুই স্কুল প্রহরীকে আটক করেছে পুলিশ।
রেলওয়ে পাবলিক হাই স্কুলের প্রাঙ্গণ থেকে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবার হোসেন এ সব তথ্য নিশ্চিত করেন।
নিহতের মা ছেনোয়ারা বেগমের অভিযোগ, পিটুনির এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়।
তিনি বলেন, “আমার ছেলেকে মারধরের একপর্যায়ে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে। আমার ছেলে ‘দোষী’ হলেও এভাবে মব করে বিচারবিহীন হত্যার বিচার চাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলওয়ে পাবলিক হাইস্কুলে রবিবার সকালে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের পেছনে জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে জয়নাল নামের ওই তরুণ কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন দারোয়ান আজাদ ও সমীর দাশ। তারা জয়নালকে হাতেনাতে ধরে ফেলেন বলেও দাবি করেন। এরপরই তাকে মারধর করা শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে লোকজনও জড়ো হয়। মারধরের পর স্কুলের মূল ফটকের সামনে জয়নালকে ফেলে রাখা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। তবে স্কুলের এক দায়িত্বশীল কর্মী নাম প্রকাশ করার শর্তে বলেন, “রাতে চুরি করতে এসে অসাবধানতাবশত জয়নাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন এবং তার মৃত্যুর বিষয়ে আগে থেকে তাদের কিছু জানা ছিল না”।
পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে”।
বৈদ্যুতিক শক দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বৈদ্যুতিক শকের বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে”।