গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৯:৪০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২০:০০ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলে বিনামূল্যের সরকারি বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার (১ জানুয়রি) উপজেলার ৯২ নম্বর টুপুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির দাবি, বই বিতরণের জন্য এই টাকা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য।
জানা গেছে, রবিবার বই উৎসবের দিনে বিদ্যালয়টির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থীর মাঝে সরকারি বই বিতরণ করা হয়। এসব বই বিনামূল্যে বিতরণের কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ সব/অনেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী ও অভিভাবক টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক নিউটন মল্লিক বলেছেন টাকা না দিলে বই দেওয়া হবে না। তাই তারা বাধ্য হয়ে নতুন বইয়ের জন্য ১০০ টাকা করে দিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নিউটন মল্লিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘টাকা না দিলে বই দেওয়া হবে না, এটা সত্য নয়। টাকা না দিতে পারা অনেক শিক্ষার্থীকে আমরা আজ বই দিয়েছি। তবে আমরা ম্যানেজিং কমিটির নির্দেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য আজকে যারা দিতে পেরেছে, এমন শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছি।’
ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য টাকা নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থীই বার্ষিক প্রতিযোগিতার সময় টাকা দেয় না। এ জন্য আমরা এই বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলি। ৪-৫ বছর ধরে আমরা এভাবে টাকা উত্তোলন করে আসছি।’
কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘বই বিতরণ নীতিমালায় এভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি এভাবে টাকা নেওয়া হয়, তাহলে তদন্তপূর্বক যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’