সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
তাহিরপুরের আনোয়ারপুর সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নামা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এরই মধ্যে তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে স্থানীয় মানুষ যাতায়াতে কিছুটা ভোগান্তি পোহাচ্ছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
কোথাও কোথাও বিপদসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল গুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, জেলার সুরমা, জাদুকাটা বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে পানি বিপদসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে।
তবে বৃষ্টিপাত হলে স্বল্প মেয়াদি বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। এখনও কোনো নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি বাড়ছে।