লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। প্রবা ফটো
উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ বন্যার আতঙ্কে রয়েছে।
রবিবার (২১ জুন) দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির
সমতল রেকর্ড করা হয়েছে ৫২.০০ মিটারÑ যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) ১৫ সেন্টিমিটার নিচ
দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে ছিল। কয়েক
ঘণ্টার ব্যবধানে পানি আরও বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যার আতঙ্কে
রয়েছে মানুষ।
পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল ধীরে ধীরে পানির
নিচে তলিয়ে যেতে শুরু করেছে। তবে বর্তমানে চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষকদের বড়
ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নদীপাড়ের বাসিন্দারা পরিস্থিতির
ওপর সতর্ক নজর রাখছেন।
এদিকে ধরলা নদীর শিমুলবাড়ী পয়েন্টে দুপুর ১২টায় পানির সমতল রেকর্ড
করা হয়েছে ২৯.৭২ মিটারÑ যা বিপৎসীমার (৩০.৮৭ মিটার) ১১৫ সেন্টিমিটার নিচে রয়েছে। ফলে
বর্তমানে ধরলা নদীতে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উজানের ঢল এবং অব্যাহত
বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের নদনদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করার সম্ভাবনা রয়েছে। ফলে তিস্তা অববাহিকার
নিম্নাঞ্চলে স্বল্পমাত্রার বন্যা দেখা দিতে পারে।
এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন
বোর্ড সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার
পরামর্শ দেওয়া হয়েছে।