বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকান থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার সোহেল খুলনা সদর থানার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব জানায়, গত ২০ মার্চ পূর্বশত্রুতার জের ধরে সোহেলসহ মামলার অন্যান্য আসামিরা মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে আমির হামজার বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেছা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সোহেল আত্মগোপনে ছিলেন।
র্যাব-৬ আরও জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করে, হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।