ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে বিবাহিত ও অবিবাহিতদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি এলাকায় শনিবার বিকাল ৫টায় জুলার বাড়ি (বারিক চেয়ারম্যানের বাড়ি) ও বাদুর শেখের বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকালে তুলাকান্দি এলাকার যুবকদের মধ্যে বিবাহিত বনাম অবিবাহিতদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে হার-জিত নিয়ে দুই কিশোরের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও পরে তা বংশীয় বিরোধে রূপ নেয়।
শুক্রবার রাতেই বাদুর শেখ বাড়ির নীল মিয়া বাজার থেকে ফেরার পথে জুলার বাড়ির লোকজন তাকে মারধর করে। এ ঘটনায় নীল মিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে জুলার বাড়ির মোয়াজ্জেম মিয়া (৫৫), সেলিম মিয়া (৪০) ও তার ছেলেকে গ্রেপ্তার করে। এর জেরে শনিবার বিকালে জুলার বাড়ির এক যুবককে বাদুর শেখের বাড়ির লোকজন মারধর করলে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে সেলিম (৪৭), মগল মিয়া (৪৫), আলাল মিয়া (৩৫), সুমন মিয়া (২৫), মোমেন মিয়া (২৫), রশিদ মিয়া (৫৫), জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৪০), দুলাল-২ (৬৫) ও লিটন মিয়া (৪৮) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, আহতদের মধ্যে সেলিম মিয়া, দুলাল মিয়া-২, মগল মিয়া, আলাল মিয়া, সুমন ও দুলাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জালাল মিয়া ও রশিদ মিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে বাদুর শেখ বাড়ির নীল মিয়া বলেন, “কিশোর ছেলেরা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করেছে। আমিতো জানি না। আমাকে কেন আটকে মারধর করা হয়েছে। এ বিষয়ে আমি আইনি সহায়তা নিয়েছি”।
জুলার বাড়ির লিটন মিয়া বলেন, “তুচ্ছ ঘটনায় কিশোররা ঝগড়া করেছে। আজকে বিকালে হঠাৎ করে যুবকরা ঝগড়ায় লিপ্ত হলে আমি ফেরাতে গেলে আহত হই”।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, শুক্রবার একটি তুচ্ছ ঘটনায় তুলাকান্দি গ্রামে ঝগড়া হলে নীল মিয়া নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দেয়। রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার একই বিষয় নিয়ে মারামারি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।