× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে কাজ করছে সরকার: মীর হেলাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর সভায় বক্তব্য রাখছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর সভায় বক্তব্য রাখছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই সরকার দেশ গঠনে কাজ করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় স্থপতি। 

শনিবার (২০ জুন) চট্টগ্রাম কোতোয়ালী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, স্বাধীনতার সংকটময় মুহূর্তে যখন দেশের প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সম্মুখসমরে নেতৃত্ব প্রদান করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ব্যক্তিগত ক্ষমতার মোহে না পড়ে নিজ কর্মস্থলে ফিরে যান। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে তিনি দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠাকে সামনে রেখে বাংলাদেশ পুনর্গঠনের ঐতিহাসিক যাত্রা শুরু করেন। 

তিনি আরও বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ এবং জনগণের কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন। সেই আদর্শ বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার নিয়েই জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেবল মঞ্চে বক্তব্য নয়, বরং মাঠে থেকে জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। 

মীর হেলাল বলেন, চট্টগ্রামের মানুষ তাদের বিপুল সমর্থন দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন ক্ষমতার ভোগের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সেবার দায়িত্ব পালনের জন্য। চট্টগ্রামের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল জনপ্রতিনিধি, মন্ত্রী, সংসদ সদস্য, সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত চট্টগ্রাম গড়ে তোলা হবে। 

সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের প্রশংসা করে মীর হেলাল বলেন, তিনি অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতোমধ্যে পরিবেশ রক্ষা, শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ, হালদা নদী সংরক্ষণ এবং চট্টগ্রামের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানে আন্তরিকতা প্রদর্শন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের উন্নয়নে সিডিএ’র বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের অর্থের অপচয় এবং হয়রানির সেই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সকল সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে । 

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা