দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার পতাকা। ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়রি (জিডি) করেছেন এক সমর্থক। এছাড়াও পতাকাটি উদ্ধার করে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তারা।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের শনিবার এ সব তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সানন্দবাড়ি মধ্যপাড়া গ্রামে পতাকা চুরির ঘটনাটি ঘটে। পরে শুক্রবার সানান্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এ সংক্রান্ত একটি অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থক ভেরুসেল এক্সপ্রেস নামের একটি ক্লাবের সদস্যরা।
মামালার বরাতে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে থানায় অভিযোগ করেন।
ক্লাবটির সদস্য মামুন বলেন, “পতাকা কেউ পেলে তাকে আমরা পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেব”।
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “আর্জেন্টিনার পতাকা চুরির বিষয়ে সাধারণ ডাইয়েরি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।