রংপুর অফিস ও গৌরীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ঘণ্টা আগে
গৌরীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাসুদ করিম বাবু। প্রবা ফটো
রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর ৩২নং ওয়ার্ডের তামপাট এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন আজিজুল্ল্যাহ মুন্সিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। বুধবার (১৭ জুন) সকালে তাজহাট থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিদ্যুৎ সরবরাহ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে সুজন তামপাটের নির্জন স্থানের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ করিম বাবু উপজেলার পূর্ব ভালুকা এলাকার মৃত আব্দুস সালামের বড় ছেলে।
দুর্ঘটনার সময় সহকর্মী মাসুদকে খুঁটি থেকে পড়ে যেতে দেখে বিদ্যুৎকর্মী মো. খায়রুল মিয়া স্ট্রোকে আক্রান্ত হলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মাসুদ করিম বাবু। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
গৌরীপুর পিডিবির আবাসিক প্রকৌশলী লিটন মজুমদার বলেন, আমাদের অচিন্তপুর ফিডার ও খেলার মাঠ ফিডার বন্ধ ছিল। তবে ১১ হাজার ভল্টের কোনো একটি লাইনে সম্ভবত লিকেজের কারণে বিদ্যুতের ফিডব্যাক হয়েছে। নিহত মাসুদ করিম বাবু আমাদের স্থায়ী বা নিয়োগপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ান ছিলেন না। তবে আমাদের নিজস্ব লাইনম্যান না থাকলে প্রয়োজনের সময় তারা লাইনে কাজ করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।