চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ ঘণ্টা আগে
খাবার খেয়ে অসুস্থ হওয়া শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। নষ্ট ডিম ও গন্ধযুক্ত পাউরুটি খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তাদের সবাইকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪২ নম্বর সালিম ডোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলোÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর পূর্ব টিকরা গ্রামের রাফিয়া (১২), মিনটোলা গ্রামের নুসরাত জাহান (১২) ও সুমাইয়া (১১), হাজিপাড়া গ্রামের সিদরাতুল নেসা (১২) ও আব্দুল হান্নান (১১) এবং টিকরা গ্রামের তাহমিদা (১১)।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরের দিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার দেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গাক’ এই খাবার সরবরাহ করে। ক্ষুধার্ত শিক্ষার্থীরা সেই খাবার খাওয়ার পরপরই কয়েকজনের পেটে ব্যথা, বমি হওয়া শুরু হয়। এদের দেখে আরও ৫-৬ জন শিক্ষার্থীর প্যানিক অ্যাটাক হয়। এ সময় দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুল আলম বলেন, স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৮ শিক্ষার্থীকে অবজারভেশনে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে কেউই সিরিয়াস অসুস্থ নয়। টিফিনের খাবার খাওয়ার পরে পেটব্যথা হয়েছিল, আবহাওয়া খারাপ ছিল।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগেও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি স্কুলে এই খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিল। সে ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাও করেছিলেন।