আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ২০:১৪ পিএম
আদমদীঘিতে চাকরি মেলার উদ্বোধন করেন ইউএনও মাসুমা বেগম। প্রবা ফটো
বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেওয়া তিন শতাধিক চাকরিপ্রত্যাশীর মধ্যে প্রায় ২০ শতাংশ প্রার্থী প্রাথমিক বাছাই ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (১৭ জুন) এ মেলার আয়োজন করা হয়। বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে ও বেডোর রেইজ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। মেলায় বেসরকারি খাতের ২০টি প্রতিষ্ঠান এবং তিন শতাধিক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। বিশেষ করে মোবাইল ফোন, রিফ্রিজেটর ও এয়ার কন্ডিশন সার্ভেসিং বিষয়ে দক্ষ কর্মী এবং বিভিন্ন কোম্পানির সেলসম্যান পদে নিয়োগের জন্য বিপুলসংখ্যক আবেদন গ্রহণ করা হয়। মেলায় চাকরিপ্রত্যাশীরা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতানুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারীকে তাৎক্ষণিকভাবে নির্বাচিত করা হয়।
বেডো সংস্থার নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার (রেইজ প্রজেক্ট) ফয়জুল তারিক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শকিম উদ্দীন আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, বেডোর পরিচালক আতোয়ার হোসেন, রেইজ প্রজেক্টের সমন্বয়কারী আব্দুর রাজ্জাক প্রমুখ।